বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের উচ্চ পর্যায়ের সহযোগিতা চায় বেইজিং।

বুধবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার এক বৈঠকে চীনের পক্ষ থেকে এ কথা বলা হয়।

জোহানেসবার্গে চলমান ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। উভয় পক্ষ ২০১৬ সালে দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করেছে।

একই সঙ্গে নিজ নিজ মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থনের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় বেইজিং।

ঢাকা ও বেইজিংয়ের মধ্যে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার, ব্যক্তি পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং উভয় দেশের সংস্কৃতির পাশাপাশি জনগণের মধ্যে বন্ধন গভীর করারও আহ্বান জানান তিনি।

বৈঠকে অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।