প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এয়ারপোর্টে এসে পৌঁছালে দক্ষিণ আফ্রিকার সমবায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মি. পার্কস তাউ ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দর থেকে তাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনের প্যালেস অব রেসিডেন্সে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয়।

তিনদিনব্যাপী ব্রিকস সম্মেলন চলবে ২২-২৪ আগস্ট। কোভিড-১৯ মহামারি ও এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে।

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে (ইকে ৫৮৩) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।

সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ২৬ আগস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে এমিরাটস এয়ারলাইন্সের (ইকে৭৬২) ফ্লাইটে জোহানেসবার্গের ও. আর. টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সরকারপ্রধানের।