মেক্সিকোতে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৬ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক। আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেক্সিকোতে প্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়ে থাকে। চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন। এর আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। তার আগে পৃথক দুটি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন।