জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণার বিষয়টিকে ‘ভুয়া’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণার বিষয়ে ভিডিও বার্তায় চুন্নু বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরটি ভুয়া। আমাদের দলের গঠনতন্ত্রে এইভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।’

জাপার মহাসচিব আরও বলেন, ‘যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাঁদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলেই চেয়ারম্যান হতে পারবে না ও অব্যাহতি দেওয়া যাবে না। এটি নিয়মতান্ত্রিক উপায়ে হতে হবে।’

এদিকে আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ এই দায়িত্ব গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।