ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সৌদির হজ ও ওমরাহমন্ত্রী ইসলামাবাদ হয়ে আজ মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঢাকায় আসবেন।

ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।

মূলত, দেশটির ওমরাহ ব্যবস্থায় নতুন উদ্যোগসহ মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদে আরও সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করতে তার এ সফর।

আল-রাবিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর।

উল্লেখ্য, সৌদির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আল-রাবিয়াহ গড সার্ভিস প্রোগ্রাম কমিটিরও চেয়ারম্যান। ২০২১ সালের অক্টোবরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-রাবিয়াহকে দেশটির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব দেন। এর আগে আল-রাবিয়াহ সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।