দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জিএম কাদেরকে সরিয়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ এই দায়িত্ব গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

প্রসঙ্গত, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন জি এম কাদের। বর্তমানে তিনি ভারত সফর করছেন। তাঁর অনুপস্থিতিতেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ।
এর আগে ১৯ আগস্ট রওশন এরশাদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর রওশন এরশাদ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর তিন দিনের মাথায় রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন।
এদিকে আজই ভারত সফর শেষে জি এম কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।দলটি এখন ভাঙনের আশঙ্কা করছেন জাতীয় পার্টির নেতাদের অনেকে।