জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২১ আগষ্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, রাজনৈতিক অভিলাষ পূরণ করতে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, হাওয়া ভবন থেকে ২১ আগস্টের নির্দেশ দিয়েছিলেন তখনকার যুবরাজ তারেক জিয়া। আজ কাপুরুষের মতো তিনি বিদেশে পলাতক রয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, তাদের মতো সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ, নির্বাচন এবং গণতন্ত্র নিরাপদ নয়। তাদের প্রতিরোধ, প্রতিহত এবং পরাজিত করতে হবে। এ অপশক্তি, খুনি এবং দুর্নীতিবাজদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। বিএনপির দেশ পাকিস্তান ও আফগানিস্তান। তাদের হৃদয়ে বাংলাদেশ থাকলে এতসব ঘটনা ঘটাতে পারত না।