সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সোমবার (২১ আগস্ট) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেত্রীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সংগঠন থেকে আরও জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এছাড়াও থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশ ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।