ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পদযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই পদযাত্রা শুরু হয়।
সরেজমিন দেখা গেছে, জোহরের নামাজের পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতারা, অঙ্গসংগঠনের নেতাসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতারা পদযাত্রায় অংশ নেবেন। পদযাত্রাটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে।
এর আগে, সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করে বিএনপি।