আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি, তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। অথচ, আওয়ামী লীগ যেকোনো দুর্যোগে ও মানুষের বিপদে পাশে দাঁড়ায়।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় করোনা, বন্যার মতো এবার ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো জনগণের পাশে দাঁড়িয়েছে বলে জানান তিনি। অথচ, দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেও বিএনপি জনগণের পাশে নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
তিনি বলেন, জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতা না থাকায় তারা করোনা মহামারিতেও নিশ্চুপ ছিল। তখন উল্টো তারা সরকার ও প্রধানমন্ত্রীর কার্যক্রমের সমালোচনা করছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে আওয়ামী লীগ একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। এছাড়া কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সজাগ থাকতে বাড়ির মালিক ও জনগণকে সচেতন করছে।
ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।