ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ ও টিভি অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের মা মারা গেছেন।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১টা ৩৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আঞ্জুমান নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শাবনাজের বর চিত্রনায়ক নাঈম বলেন, ‘আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। মূলত হার্টের সমস্যা ছিল সবচেয়ে বেশি। হার্ট একদম দুর্বল হয়ে গিয়েছিল। বয়স বেশি হওয়ায় চেষ্টা করেও পেসমেকার লাগানো যাচ্ছিল না। গত ১০ দিন ধরে হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা অভিভাবক হারালাম। এটুকুই বলব, তিনি ভালো মনের মানুষ ছিলেন।’

আঞ্জুমান নাহারের জন্ম বরিশালে। দীর্ঘদিন ধরে সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার স্বামী এস এম হ‌ুমায়ূন তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি নাট্যচক্রের আজীবন সদস্য ছিলেন। আজ বাদ মাগরিব বিক্রমপুরে জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।