শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অনুভূত হয়েছে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তবে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পের জেরে নিহত হয়েছেন একজন নারী। তবে একজন নিহত হওয়া ছাড়া এই ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ বলেন, রাজধানীর দক্ষিণ-পূর্বে এই ট্র্যাজেডি আঘাত হানে এবং সেখানে ভূমিকম্পের সময় এক নারী জানালা থেকে নিচে পড়ে মারা যান।