যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১৮ আগস্ট) ওয়াশিংনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের কাছে এই চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে ড. মোমেন ব্লিঙ্কেনের প্রতি এবং তার মাধ্যমে নিহত ও আহতদের পরিবার এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান। বলেন, মাউয়ের এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে জলবায়ু পরিবর্তনজনিত ধ্বংসযজ্ঞের ভয়াবহতা এবং এই ধরনের দুর্যোগের সময় দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের গুরুত্ব মনে করিয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে রয়েছে বলেও জানান তিনি।
এ সময় আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।