আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় তিনি বলেন, গত পাঁচ বছরে দেশের কোনো পাবলিক পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়েছে সবই গুজব। এ বছর প্রশ্নফাঁসের গুজব অনেক কমে এসেছে। গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে, সকাল ১০টায় সারাদেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়। যা চলে দুপুর ১টা পর্যন্ত।
চলতি বছরে ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। তবে বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী।