শিক্ষার্থীকে ‘ধর্ষণ’ মামলায় জামিন পাননি রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ।
বুধবার (১৬ আগস্ট) তাঁর জামিন আবেদন নাকচ করেন হাইকোর্ট।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।
গভর্নিং বডির এই সদস্যের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ‘ফাঁদে ফেলে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার’ অভিযোগে মামলা রয়েছে। ৮ আগস্ট গুলশান থানায় মামলাটি করেন ওই শিক্ষার্থীর বাবা।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে এ মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন আদালত।
এর আগে ‘ছাত্রীকে ফাঁদে ফেলে’ হয়রানির অভিযোগে ৩১ মে একটি তদন্ত কমিটি গঠন করেছিল শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডি।