সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট’— বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।

তবে এ ধরনের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগ।

সার্ভার মেইনটেন্যান্সের কারণেই এনআইডি সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।

সিস্টেম ম্যানেজার জানান, গতকাল মঙ্গলবার রাত থেকে সার্ভার মেইনটেন্যান্সের কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে।

সরকারি ছুটি থাকলে সার্ভারের মেইনটেন্যান্সের কাজ করা হয় বলেও জানান তিনি।

এর আগে সাইবার হামলার আশঙ্কায় গত সোমবার অফিস শেষে সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সার্ভার ও তথ্যভাণ্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন বলে সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী। সরকার থেকে জানানো হয়েছিল সাইবার হামলা রোধে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজেদেরকে ভারতের হ্যাকারগোষ্ঠী দাবি করে হুমকিতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার হামলার ঘোষণা দেয় তারা।