সোনার বাংলাদেশ গড়ার মাধ্যমে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিশোধ নিতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, কিছু মীরজাফর, কুলাঙ্গার, নাফরমান ও স্বাধীনতার পরাজিত শক্তি সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছে। তারা বাংলাদেশকে হত্যা করতেই বঙ্গবন্ধুকে খুন করেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করা হবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় কমিশনের একটি খসড়া চূড়ান্ত করেছে। আপনাদের সহযোগিতা পেলে এই আইনটা সংসদে পাস করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার সত্য ইতিহাস উদঘাটনের জন্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে। যাতে নতুন প্রজন্ম জানতে পারে এই ষড়যন্ত্রের পেছনে কারা জড়িত ছিল।

এ সময় বিএনপি ও জামায়াতকে মিথ্যাবাদী দল হিসেবে উল্লেখ করে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান আনিসুল হক এমপি। পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।