এবার চেম্বার আদালতে শ্রম আদালতের মামলা বাতিল চেয়ে আবেদন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
গত বৃহস্পতিবার (১০ আগষ্ট) ড. ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আবেদনটি করলেও আজ রবিবার বিষয়টি জানা যায়।
যেকোনোদিন এটি শুনানি হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
এর আগে গত মঙ্গলবার (৮ আগষ্ট) ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদনে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।
এর ফলে শ্রম আদালতে তাদের বিচারকাজ চলতে বাধা নেই বলে আদেশে বলা হয়।
এর আগে গত ২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে এই রুল বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
৩ আগস্ট ওই আবেদন নিষ্পত্তি করে ইউনূসের আবেদনের পক্ষে জারি করা রুল শুনানির জন্য বেঞ্চ পরিবর্তন করে দেন আপিল বিভাগ।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে।