যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিতব্য ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ-২০২৩ এর সম্মেলনে অংশ নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) ২০২৩ সম্মেলনে জনস্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাস্তুচ্যুত জনগণের জন্য করণীয় বিষয়ে বক্তব্য দিতে ডিএনসিসির মেয়রকে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির প্রধান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন৷
উল্লেখ্য, মেয়র আতিকুল ইসলাম এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার বিষয়ে কপ-২৭, গ্লোবাল মাইগ্রেশন গভর্ন্যান্সে আলোচনা সভা এবং বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দিয়েছেন।
মো. আতিকুল ইসলাম বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে মেয়রস মাইগ্রেশন কাউন্সিলের লিডারশিপ বোর্ডের সদস্য। এর পাশাপাশি তিনি C-40 সিটির স্টিয়ারিং কমিটির সদস্য এবং C40-MMC টাস্কফোর্সের কো-লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেয়র মো. আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জলবায়ুর স্থিতিস্থাপকতা তৈরিতে ভূমিকা রাখায় ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহরে পরিণত করতে সবুজ জায়গা সম্প্রসারণ কার্যক্রমের জন্য এ পুরস্কার দেয় ব্লুমবার্গ ফিলানথ্রপিস।
ঢাকা উত্তর সিটি কপোর্রেশনের কার্যক্রমের মধ্যে-উন্মুক্ত স্থানের আধুনিকায়ন, উন্নয়ন এবং সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি পুরনো পাবলিক টয়লেটের উন্নয়ন, দুটি কবরস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ডিএনসিসি মেয়রকে ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড-২০২২’ দেওয়া হয়।