বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন কোনো উন্নয়নই হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল কোনো উন্নয়নই হয়নি। কারণ, এখন এসে তাদের এমপি-মন্ত্রীর বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদের করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে। শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি হওয়ার কারণ তিনি মানুষকে বারবার দেন। তিনি দিচ্ছেন ও দেওয়ার সক্ষমতা রাখেন বলে মানুষ চায় তার কাছে।
তিনি বলেন, চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। এখানে আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে। নদী ভাঙন থেকে রক্ষা পেতে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।
এ সময় বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোড যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন তার জন্য মন্ত্রী তাদের ধন্যবাদ জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।