টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে আগে থেকেই অধিনায়কত্ব পালন করছেন, এবার ওয়ানডেতে লাল-সবুজের নেতৃত্বভার পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রহস্যময় ইনজুরি ও নানান নাটকীয়তার পর তামিম ইকবাল সরে দাঁড়ানোয় সাকিবকে আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

২০২০ সালে মাশরাফী বিন মুর্তজা সরে দাঁড়ানোর পর তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তামিমের অধীনেই ওয়ানডে সুপার লিগে দাপট দেখিয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে টাইগাররা।

গত মাসে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ২৮ ঘণ্টা পর ক্রিকেটে ফেরার কথা জানান তামিম।

তবে চোটের কারণে বিসিবির সঙ্গে আলোচনার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।