বিএনপি নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, দলটি নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। যারা বাসে আগুন দিচ্ছে জনগণ তাদের চিনে ফেলেছে।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা-১২ আসন ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে মন্ত্রী বলেন, আমরা এটাও দেখেছি, হঠাৎ করে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছে, সেদিন খালেদা জিয়া জন্মদিন পালন করে। তার কয়েকটি জন্মদিনের কথা আমরা জানি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা শুনেছেন এক নেত্রী বলছেন, লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ (আগুন) করে জ্বালাতে, এরপরই দেখলাম সাভারে ও অন্যান্য জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে।

সভায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।