ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই আইনের বিধানগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়।

সোমবার (৭ আগস্ট) প্রেস বিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এ সময় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারের দীর্ঘদিনের আইন সংস্কারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি যেন সব অংশীদারকে নতুন খসড়া সাইবার সিকিউরিটি আইন পর্যালোচনা করার সুযোগ দেওয়া যায় এবং এর বিধানগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়।

সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এ আইন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিতর্কিত ধারাগুলো সংশোধন করে সন্নিবেশিত হবে সাইবার নিরাপত্তা আইনে।’