হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন হবে আগামী ৭ অক্টোবর (শনিবার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালের উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৮ আগস্ট) সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত ৮২ শতাংশ কাজ শেষ হয়েছে। আমাদের লক্ষ্য ছিল সফট ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ করা। সে লক্ষ্যে আমরা কাজ করছি।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ অক্টোবর দেশের প্রধান বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকের অনুমোদন পায়। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার হয় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।
২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। নির্মাণ খরচের বেশির ভাগ আসছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে। সংস্থাটি ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।