১৯৭৫ সালে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এ দেশে শুরু হয়েছে, বিএনপি সেই হত্যা-ষড়যন্ত্রের হোতা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাচিয়ে রাখতে হলে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবরে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এ সময় বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এ দেশে শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় ১৫ আগস্ট, ৩রা নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রনেড হামলা যার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভি রহমানসহ ২৩ জনের জীবন চলে গেল। এই সমুদয় ইতিহাসের পেছনে একটা দল বিএনপি। এই দল দলটি বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের হোতা।
এ সময়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে ‘ইতিহাসের এক অসাধারণ ত্যাগী বিজয় লক্ষ্মী নারী হিসেবেও অবিহিত করেন তিনি।