বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা দাবি করে মানহানির মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে আজ বেলা ১২টার পর আদালতে উপস্থিত হন হিরো আলম। এরপর তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর মামলার আবেদন করেন।

মামলার আবেদনে চারজনকে সাক্ষী করা হয়েছে। এরপর আদালত হিরো আলমের জবানবন্দি রেকর্ড করেন।

শুনানি শেষে আদালত মামলার অভিযোগ তদন্ত করে আগামী ১৩ সেপ্টেম্বর ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মানহানির অভিযোগে করা মামলার পর হিরো আলম বলেন, ‘আমাকে গালি দিলে কাউকে ছাড় দেব না।’

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

এর আগে গতকাল রবিবার দুপুরে মামলা করতে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। তবে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না বলেই আজ তিনি আদালতে মামলা করেন।