অবশেষে বহুল আলোচিত ও বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইনটির বেশকিছু ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইন করা হবে।
সোমবার (৭ আগস্ট) সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ ও দমনে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। একই বছরের ৮ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। তবে শুরু থেকেই আইনটির অপব্যবহারের জন্য ব্যাপকভাবে সমালোচনা হয়।