ইন্টার মায়ামির হয়ে আরেকবার ঝলক দেখালেন লিওনেল মেসি। এফসি ডালাসের বিপক্ষে জোড়া গোল করে পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরালেন। পরে টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে মেসির দল।

সোমবার ডালাসের টয়োটা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল ইন্টার মায়ামির জার্সিতে মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ। যেখানে ম্যাচের মাত্র ৬ তম মিনিটেই গোল করেন লিওনেল মেসি। লিগ কাপের লড়াইটা পানসে বানিয়ে ফেলার ইঙ্গিত দেন।

সেখান থেকে ৩-১ গোলের লিড তুলে নেয় প্রতিপক্ষ এফসি ডালাস। শেষ দশ মিনিটেও ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল তারা।

কিন্তু মেসির গোলে কামব্যাক করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ৪-৪ গোলে।

পরে টাইব্রেকার ভাগ্যে ৫-৩ গোলে জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে যায় মেসির ইন্টার মায়ামি।

অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা ঘরে তুলেছে আর্সেনাল। ট্রসার্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোলের সুবাদে এই জয় পায় মিকেল আর্টেটার দল।

রোববার (৬ আগস্ট) লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে খেলতে নামে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে গার্দিওলার দলকে লিড এনে দেন তরুণ খেলোয়াড় কোল পালমার।

arsenal-win

ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান লেয়ান্দ্রো ট্রসার্ড। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আর্সেনাল।

এ নিয়ে সর্বশেষ ১০ শিল্ডের পাঁচটিই গানারদের ঘরে গেল। লিভারপুলকে টপকে ১৭তম বারের মতো এই শিরোপা উঁচিয়ে ধরলো গানাররা। তাদের চেয়ে এগিয়ে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বোচ্চ ২১ বার এই ট্রফি জিতেছে তারা।