রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রদর্শিত পথ, আদর্শ, দিক-নির্দেশনা আমাদের জন্য অনুকরণীয় মডেল।

তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিকমানে উন্নীত করার অভিযাত্রায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রদর্শিত পথ, আদর্শ, দিক-নির্দেশনা হতে পারে আমাদের জন্য অনুকরণীয় মডেল। অনুপ্রেরণা আর উৎসাহ হয়ে তিনি আমাদের মাঝে ছিলেন, আছেন এবং থাকবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৫ আগষ্ট) শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে পালনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি।