দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবরে ঢাকায় আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১২টায় প্রধান নির্বাচন কমিশনারকাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বৈঠকে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আমরা ইসির প্রস্তুতি সম্পর্কে জেনেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।

এসময় বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন কমিশনের ক্ষমতা কমার প্রসঙ্গেও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পিটার ডি হাস।

এর আগে, বেলা ১১টা ১০মিনিটে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান ইসি কর্মকর্তারা।

এসময় তার সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরটুরো হেইনস।