বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি সরকারের শ্রদ্ধাশীল হওয়া জরুরি বলে মনে করে জাতিসংঘ। সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল এক টুইটার পোস্টে এ কথা জানান।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশের পতাকার একটি চিত্র জুড়ে দিয়ে এই টুইট করা হয়।

সেখানে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লেমো ভউল জানান, চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেপ্তারের মাত্রা বাড়ছে। এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।

টুইটে দায়িত্বশীল সংস্থাগুলো যেন সভা-সমাবেশের অধিকার নিশ্চিতে কাজ করে এবং বাড়তি বাহিনী মোতায়েন না করে সে কথাও উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে বিএনপির কর্মসূচিতে দমনপীড়ন এবং ২০২১ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে বিক্ষোভকারীদের দমন নিয়ে পৃথক বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার। ওই বিবৃতিগুলোও এই টুইটে যুক্ত করা হয়েছে।