পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের যেসব দেশ আশ্রয় দিয়েছে, এটা তাদের জন্য লজ্জার। আর এটি আমাদের জন্য দুঃখজনক। নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে না।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে, দুই খুনির একজন কানাডায়, আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে, তারা নানা অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না।

ড. মোমেন বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে।

কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন সরকারের এই মন্ত্রী।

উল্লেখ্য, ফরেন সার্ভিস একাডেমির প্রাঙ্গণে ১৬টি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।