একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথ বৈধ ছিল বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১ আগস্ট) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে, একাদশ জাতীয় সংসদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয় ২৭ জুলাই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। পরে ৩০ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। সেদিন আপিল বিভাগের এক বিচারপতি অসুস্থ থাকায় আপিল শুনানি পিছিয়ে আজকে দিন ধার্য করা হয়েছিল।

সম্প্রতি ২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিট করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এই রিটে দাবি করা হয়।

শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে একই বছর লিভ টু আপিল করেন রিট আবেদনকারী। লিভ টু আপিল গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে।

পরে ফুলকোর্টে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

‘সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর। তাই দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নেওয়া হয়েছে, যার ফলে ওই সময়ে দেশে ডাবল সংসদ সদস্য হয়ে গেছে। কেননা শপথের পরই দায়িত্ব গ্রহণ কার্যকর হয়ে যায়, যা সংবিধান পরিপন্থি।’