কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল-শামারির আমন্ত্রণে সরকারি সফরে কুয়েত গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৪ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

রবিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ৫ হাজার ২৪৯ জন সদস্য বর্তমানে অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত রয়েছেন। শান্তিরক্ষা মিশনের এটিই কোনো বৈদেশিক দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ মোতায়েন। সফরকালে জেনারেল শফিউদ্দিন আহমেদ কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও তিনি কুয়েত সামরিক বাহিনীর আলী আল সাবাহ্ মিলিটারি একাডেমি পরিদর্শনসহ অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত বাংলাদেশি সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় করবেন।