বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় তিন সেমিস্টার পদ্ধতি পরিচালনায় সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

রোববার (৩০ জুলাই) রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৫) এবং সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ট্রাস্টি সদস্যদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন সংশোধন করে ইউজিসির সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে সরকার ও ইউজিসিকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তও নেয়া হয়।

সোমবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক বেলাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ।

মতবিনিময় সভায় নর্থসাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকসহ দেশের ৭০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্যরা অংশ নেন এবং মতামত তুলে ধরেন।