‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেলেন প্রশাসনের ২৮ কর্মকর্তা ও দুই সরকারি দপ্তর। ২৮ কর্মকর্তারার মধ্যে ২৩ জন দলগত এবং ব্যক্তিগত শ্রেণিতে পদক পেয়েছেন পাঁচ কর্মকর্তা।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৩ কর্মকর্তা, একটি মন্ত্রণালয় ও একটি সরকারি হাসপাতালের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক তুলে দেন।
২০১৬ সাল থেকে প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ‘জনপ্রশাসন পদক’ দেওয়া হয়। গত বছর থেকে ‘জনপ্রশাসন পদক’ এর নাম বদলে হয় ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’।
প্রতি বছর ২৩ জুন ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপনের অংশ হিসেবে জনপ্রশাসন পদক দেওয়া হয়।
পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত সম্মাননাপত্র দেয়া হয়েছে। এছাড়াও ব্যক্তিগত অবদানের জন্য ২ লাখ টাকা, দলগত অবদানের জন্য ৫ লাখ টাকা দেয়া হয়েছে। দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হয়েছে এবং নগদ পুরস্কারের ৫ লাখ টাকা সদস্যদের মধ্যে সমভাবে বণ্টন করা হবে।
প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়েছে।