কয়লা অভাবে আবারও উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।
রোববার (৩০ জুলাই) সকালে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা না থাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা আসতে আগস্ট মাসের ৮ তারিখ পর্যন্ত সময় লেগে যেতে পারে । তবে দ্রুতই বিদ্যুৎ কেন্দ্র চালুর ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
এর আগে,গত ৩০ জুন রাতে ও ১৬ জুলাই দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল কেন্দ্রটি। বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু করে।
এছাড়াও এ বছরের ১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বিভিন্ন কারণে বন্ধ থাকে বিদ্যুৎকেন্দ্রটি।