পাবনার ঈশ্বরদীতে জামায়াত নেতার বাড়িতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হকসহ ১৩ জনের মধ্যাহ্নভোজের খবরটি মিথ্যা বলে দাবি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

রোববার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রিন্ট গণমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম, অনলাইন গণমাধ্যম, আঞ্চলিক ও স্থানীয় সংবাদ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘জামায়াত নেতার বাড়িতে মধ্যাহ্নভোজ ডেপুটি স্পিকারসহ সংসদ সদস্যদের’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং একই বিষয়ে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদটি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুসহ ১৩ জন জাতীয় সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুণ্ন করার জন্য কুচক্রী মহলের ইন্ধনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা মোটেও কাম্য নয়।

প্রকাশিত সংবাদটির কয়েকটি লাইন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও মহিলা সংসদ সদস্যরা গত ২৬ জুলাই পাবনা জেলা সফরকালে কোনো জামায়াত নেতার বাড়িতে যাননি। তিনি মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন ইসলামপুরে অবস্থিত ঈশ্বরদীর আরআরপি রেস্ট হাউজে। ওই মধ্যাহ্নভোজের ব্যবস্থাপনায় ছিল আরআরপি গ্রুপ কর্তৃপক্ষ।