আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায় ২৯০ সংসদ সদস্যের (এমপি) শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি পেছানো হয়েছে। আজ রোববার (৩০ জুলাই) সকালে এ শুনানি হওয়ার কথা ছিলো।
এর আগে গত ২৭ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। পরে আজ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়।
সম্প্রতি ২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিট করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এই রিটে দাবি করা হয়।
শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে একই বছর লিভ টু আপিল করেন রিট আবেদনকারী। লিভ টু আপিল গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে।
পরে ফুলকোর্টে পাঠিয়ে দেন চেম্বার আদালত।
‘সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর। তাই দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নেওয়া হয়েছে, যার ফলে ওই সময়ে দেশে ডাবল সংসদ সদস্য হয়ে গেছে। কেননা শপথের পরই দায়িত্ব গ্রহণ কার্যকর হয়ে যায়, যা সংবিধান পরিপন্থি।’