২০১৩-১৪ সালের মতো বিএনপি-জামায়াত আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩০ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি পঞ্চম ধাপে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় সরকারপ্রধান বলেন, বিএনপি ২০১৪ সালে বাসে আগুন দিয়েছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। গতকাল আবারও তাদের সেই অগ্নিসন্ত্রাসের রূপ আমরা দেখলাম।

এ সময় কেউ যেন দেশের ক্ষতি না করতে পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ধর্মের নামে রাজনীতি করলেও ইসলামের প্রচারে বিএনপি কোনো কাজ করে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, জাতির পিতাকে হত্যা করার পর ইসলামের নাম নিয়ে অনেকে ক্ষমতায় এসেছে। কিন্তু ইসলাম ধর্ম প্রচার-প্রসারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি।

এর আগে সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পঞ্চম ধাপে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্তে অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ছাড়াও মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হামিদ জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা কক্সবাজার জেলার সদর উপজেলা ও খুলনা জেলার ফুলতালা উপজেলা মডেল মসজিদ প্রান্তে স্থানীয় সংসদ সদস্যসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।