অবস্থান কর্মসূচি পালনকে ঘিরে রাজধানীর ধোলাইখাল মোড়সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শেখ হাসিনার পদত্যাগসহ‌ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল ১১টায় গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনির আখড়া ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির অবস্থান কর্মসূচিতে লঠিচার্জ ও কাদানে গ্যাস ছুড়ে পুলিশ। শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকেই সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি যেসব এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেসব এলাকায় জলকামান, সাঁজোয়া যান নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে টহল দিতে দেখা গেছে। যাকেই সন্দেহ হচ্ছে তল্লাশি করা হচ্ছে।