গত পাঁচ বছরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত এবং ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত পাঁচ বছরে মোট ২৮ হাজার ২৯৯টি দুর্ঘটনা ঘটেছে। হতাহতের মধ্যে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী রয়েছেন।

এ সময় সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৮ সালের ২৯ জুলাই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে। তখন সরকার তাদের দাবিগুলো মেনে নিলেও গত ৫ বছরে এর কোনোটি বাস্তবায়ন হয়নি। ফলে সড়কে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।

বিবৃতিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দায়েরকৃত সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।