সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ আজ। আনুষ্ঠানিকভাবে দুপুর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। এ সময় মিছিল-স্লোগানে নয়াপল্টন এলাকা উত্তাল হয়ে উঠছে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে বিএনপি কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়।

এ সময় নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’ ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে গতকাল রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পুলিশের নিয়মিত অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলছে। এ সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তিকে।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিএনপিকে তাদের পছন্দের জায়গায় ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সমাবেশের অনুমতি দেওয়ায় ডিএমপিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।