জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সজীব ওয়াজেদ জয় প্রতিনিয়ত বিকাশমান প্রযুক্তির সহায়তায় সম্ভাবনার নবতর দিগন্ত উন্মোচন করেছেন। দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য, কোটি তরুণের হৃদয়ে নবপ্রাণের সঞ্চার ঘটিয়ে স্বপ্নজয়ের বীজ বপন করেছেন।’

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

এছাড়া শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘ডিজিটাল বাংলাদেশ-এর স্বপ্নসারথি’ ও ‘ভিশনারি নেতৃত্ব’ হিসেবে আখ্যাও দেন তিনি।

এ সময় শুভেচ্ছা বার্তায় ওবায়দুল কাদের সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি, তরুণ সমাজের আইকন, বদলে যাওয়া বাংলাদেশের সুযোগ্য-দক্ষ-দেশপ্রেমিক-কর্মবীর সজীব ওয়াজেদ জয়-এর শুভ জন্মদিন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং পরম করুণাময়ের কাছে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।