বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয়জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন‒ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা গোলাম ফারুক, বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আফজাল হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, পরিকল্পনা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা শামসুন নাহার, লক্ষ্মী রানী ঘোষ, আবুল বাসার মোল্লা, হাবিবুর রহমান, আহসান হাবীব ও আবু হানিফা নন-ক্যাডারে সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।