বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, এম শাহজাহান ছিলেন একজন পেশাদার সাংবাদিক। গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ও তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছেন।
সাংবাদিক সংগঠনের নেতা হিসেবে এম শাহজাহান সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন বলেও প্রধানমন্ত্রী তার শোক বার্তায় উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী এম শাহজাহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।
এর আগে বুধবার রাতে রাজধানীর রামপুরায় নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায় মারা যান প্রবীণ সাংবাদিক, জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া।