আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়, শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরোনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রমান বাবু জানান, শুক্রবারের সমাবেশের জন্য রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু শুক্রবার পার্শ্ববর্তী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির অনুষ্ঠান রয়েছে। তাই পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার বিষয়ে এএসএফ আপত্তি জানিয়েছে।

আজ বিকেল ৫টার দিকে সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে আওয়ামী লীগের তিন সংগঠন সংবাদ সম্মেলন ডেকেছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।