না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রবীণ সাংবাদিক, জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া।
বুধবার রাতে রাজধানীর রামপুরায় নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এছাড়া মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে।
একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।