সবার জন্য পর্যাপ্ত খাদ্যের অধিকার নিশ্চিত ও কৃষি খাদ্যব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত, টেকসই, জলবায়ু সহিষ্ণু করে তোলার লক্ষ্যে ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলন ২০২৩’ শুরু হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নিরাপদ খাদ্য ইস্যুতে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নেটওয়ার্ক খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, নেপাল সরকারের কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সনজীব কার্ণ, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং ও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মহসিন আলী।
দুই দিনের এই সম্মেলনে ১৫টি দেশের অর্ধশতাধিক খাদ্য ও কৃষি খাদ্যব্যবস্থা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অ্যাক্টিভিস্টসহ সাত শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে দুটি প্লেনারি ও ১০টি কারিগরি অধিবেশনে খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের উপস্থাপনা ও আলোচনা অনুষ্ঠিত হবে।