চার দিনের সফরে মঙ্গলবার (২৫ জুলাই) কলকাতায় গেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিমানবন্দরে অবতরণের পরই ইন্দো বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী তাকে স্বাগত জানান।

এরপর হোটেলে মন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানায় ইন্দো বাংলা প্রেসক্লাবের সদস্যরা।

সেখানে মন্ত্রী তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় পশ্চিমবাংলার বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং সংবাদ মাধ্যমের নানা বিষয়ক আলোচনা করেন তিনি।

আজ বুধবার (২৬ জুলাই) তিনি ব্যক্তিগত কাজে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে যাবেন। সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ ভবন পরিদর্শন করবেন। সেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে তার মতবিনিময় হওয়ার কথা।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। এরপর ওই দিন ইন্দো-বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশনের আয়োজনে কলকাতায় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়সভায় যোগ দেবেন।

এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং সংবাদমাধ্যমের বিষয়ে নানা আলোচনা করবেন। শুক্রবার (২৮ জুলাই) কলকাতার জোড়াসাঁকো পরিদর্শনে যাবেন তিনি।

শনিবার (২৯ জুলাই) সকালে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।